মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল জানান, ‘মেগা পারসোনাল ডেটিং সাইট’ খুলে নারীদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত চক্রটি। এভাবে তারা প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারীদের ছবি ব্যবহার করে অনলাইন ডেটিং সাইটে ভুয়া প্রোফাইল তৈরি, এরপর বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে প্রতারণা—এমন অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দর গ্রামের মো. মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালুকজান গ্রামের মো. তানভীর আহমেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দর গ্রামের মো. জিল্লুর রহমান জনি (২৭) ও মো. মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাদিহাটি গ্রামের মো. নাঈম মণ্ডল (২৪) এবং ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. রাকিব (২০)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন পর্যালোচনা করা হচ্ছে। এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চক্রটির মাধ্যমে কতজন প্রতারণার শিকার হয়েছেন, কীভাবে তাঁদের ফাঁদে ফেলা হতো এবং আর্থিকভাবে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তা জানতে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024