শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ আকরাম হোসেন। আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করছেন। মোঃ আকরাম হোসেন গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আলহাজ্ব মোঃ আব্দুল করিম। শিক্ষাজীবনে তিনি কৃষি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গৌরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি দলীয় আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে পিছপা হননি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় নিজের একটি পরিচিতি গড়ে তুলেছেন। চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ আকরাম হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। আগামী দিনে গৌরীপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।” তিনি আরও জানান, দলীয় নেতাকর্মী, এলাকার মুরব্বি, যুবসমাজ, সাধারণ ভোটারসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ২০২৭ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আকরাম হোসেনের প্রত্যাশা, দলীয় সমর্থন ও ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেলে তিনি নির্বাচনে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। নির্বাচিত হলে গৌরীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024