|
Date: 2026-11-23 22:19:49 |
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউএনএফপিএ (UNFPA)-এর অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
রামখানা ইউনিয়নের শিয়ালকান্দা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় ৫২ জন নারী বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং বা ভায়া (VIA) টেস্ট সেবা গ্রহণ করেন। কুড়িগ্রাম সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।
ক্যাম্পেইনে উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দেশে স্বাস্থ্যবার্তা দেন ডা. সুজন সাহা। তিনি বলেন, স্বাস্থ্যসেবা শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দূরত্ব, সময় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রত্যন্ত এলাকার নারীরা অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাই কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে জরায়ুমুখ ক্যান্সার শনাক্ত করা গেলে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হয়। শুধু চিকিৎসা দেওয়াই নয়, রোগ প্রতিরোধ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তোলাও জরুরি। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী উপজেলার আরও প্রত্যন্ত এলাকায় এ ধরনের ক্যাম্প সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভায়া টেস্ট কার্যক্রমে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে ডা. সুজন সাহা জানান, অচিরেই এখানে একটি উন্নত মানের ‘কলপোস্কপি সেন্টার’ স্থাপন করা হচ্ছে, যা হবে কুড়িগ্রাম জেলায় একমাত্র। এর ফলে ভায়া পজিটিভ নারীদের আরও নিখুঁতভাবে জরায়ুমুখ ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে। এতে উন্নত পরীক্ষার জন্য রোগীদের রংপুরে যাওয়ার ভোগান্তি ও বাড়তি খরচ কমবে। পাশাপাশি স্থানীয় নারীদের জন্য বিশেষায়িত এইচপিভি (HPV) পরীক্ষার সুযোগও তৈরি হবে।
ক্যাম্পেইনে ভায়া (Visual Inspection with Acetic Acid) পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও ভায়া ইনচার্জ মোছাঃ নাজমা পারভীন। তিনি জানান, অ্যাসিটিক অ্যাসিডের সাহায্যে জরায়ুমুখ পরীক্ষা করার এটি একটি সহজ, দ্রুত ও ব্যথামুক্ত পদ্ধতি, যার মাধ্যমে প্রাথমিক লক্ষণ শনাক্ত করা যায়। ৩০ থেকে ৬০ বছর বয়সী সকল নারী এবং বিবাহিত নারীদের—বিশেষ করে যাদের বিয়ের বয়স ১০ বছর বা তার বেশি—এই পরীক্ষা করানো জরুরি। পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এবং তাৎক্ষণিক রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট স্বাভাবিক এলে প্রতি ৫ বছর পরপর একবার ভায়া টেস্ট করানো উচিত। আর কমিউনিটি ক্লিনিকে কোনো অস্বাভাবিকতা বা ‘ভায়া পজিটিভ’ ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ক্যাম্পটি পরিদর্শন করেন সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. মিহিকা রহমান এবং জেলা পাবলিক হেলথ নার্স হেলেনা খাতুন। তাঁরা সেবাগ্রহীতা নারীদের সঙ্গে মতবিনিময় করেন, নিয়মিত ভায়া পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং জনসচেতনতায় আরও ব্যাপক প্রচারণার ওপর জোর দেন।
মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ মোছাঃ আখি আরা এবং সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (CHCP)। বিনামূল্যে ভায়া টেস্ট, দ্রুত রিপোর্ট এবং মানসম্মত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা স্থানীয় নারীরা।
© Deshchitro 2024