|
Date: 2026-11-23 15:10:20 |
শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর সোমবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে উদ্ধার করে। জব্দকৃত এসব বডি স্প্রের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা। এর আগে গত ২২ নভেম্বর ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। দুটি অভিযানে সর্বমোট ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, মাদক নির্মূলে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© Deshchitro 2024