গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলাসংক্রান্ত তথ্য অনলাইনভিত্তিক Village Courts Management Information System (VCMIS) সফটওয়্যারে হালনাগাদ ও এন্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর ২০২৬ তারিখে গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিনের সরাসরি তদারকিতে গ্রাম আদালতের মামলাসংক্রান্ত তথ্য VCMIS সফটওয়্যারে এন্ট্রি করা হয়।

এ সময় সফটওয়্যারে মামলার তথ্য এন্ট্রির দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ রুহুল আমিন মোতাইদ।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-৩-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজহারুল ইসলাম এবং ইউপি সদস্য মাসুদুর রহমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাম আদালতের মামলার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদের ফলে বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য গ্রাম আদালতের সেবার মান আরও উন্নত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024