ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ৪২ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ফকিরগঞ্জ বিওপির একটি টহল দল পীরগঞ্জ সীমান্তের সন্দেহজনক স্থানে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন। চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে সীমান্তে নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।”
উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।