দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর মহাবিদ্যালয়ে এমপিওভুক্তির দীর্ঘ ২৬ বছর পর বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের সূচনা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
শংকরপুর মহাবিদ্যালয়ের সভাপতি কৃষিবিদ মো. এনামুল হকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো. অলিউদ্দিন চৌধুরী, শংকরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "দিনাজপুর সদর-৩ আসনকে শক্তিশালী ও উন্নত করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।" এ ছাড়া অচিরেই শংকরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কার্যক্রম শুরু হবে জানিয়ে তা সুষ্ঠুভাবে বাস্তবায়নে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মহাবিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর দীর্ঘ ২৬ বছরেও তেমন কোনো দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হয়নি। অতীতে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের সময়ে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তারা বলেন, নতুন একাডেমিক ভবনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ। ভবিষ্যতেও মহাবিদ্যালয়ের উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, আতিকুর রহমান নিউ, জাহাঙ্গীর আলম, আফসানা পারভিন, শামীমা সুলতানা, মনিরুজ্জামানসহ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।