|
Date: 2026-11-21 09:28:05 |
দক্ষিণ গফরগাঁওয়ে প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগে আদালতে মামলা।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সিঙ্গাপুর প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, বাড়িতে হামলা, মারধর ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে বুলবুল সরকার, বাবুল সরকার, ফারুক আহমেদ, শাজাহান সরকার, রেহেনা ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী লুৎফা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর স্বামী সিঙ্গাপুরে প্রবাসে থাকার সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে তাঁকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তাঁর দুই ছেলেকেও মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বাদী।
এ ছাড়া হামলাকারীরা একটি স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হয়ে বাদী চিকিৎসা নেন বলেও মামলার বিবরণে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী লুৎফা বেগম আদালতের দ্বারস্থ হয়ে বিচার চেয়েছেন।
© Deshchitro 2024