স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের বেশ কয়েকটি মৌলিক সমস্যার সমাধান করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কলকারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেদেরকে ধ্বংস করছি। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি।


শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য দীর্ঘকাল ধরে শিক্ষার্থীরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের আন্দোলন পর্যন্ত পুরো সময়টা জুড়ে শিক্ষার্থীরা সামনে এসেছে। তারা পরিবর্তন চেয়েছে, সমাজকে বদলাতে চেয়েছে এবং পুরো ব্যবস্থাটাই পাল্টে দিতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সবসময় আমরা এতে সফল হতে পারিনি।


ঢাকা কলেজ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঢাকা কলেজ এই দেশের, এই অঞ্চলের এবং পুরো উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, যেখান থেকে সবচেয়ে সৃজনশীল মানুষ উঠে এসেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সবসময়ই রাজনৈতিকভাবে সচেতন ছিল এবং সংগ্রাম ও লড়াই করেছে। এ কথা শুনে খুব খারাপ লাগছে যে, এই কলেজের শিক্ষার্থীদের আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই, ভালো লাইব্রেরি নেই এবং ভালো ল্যাবরেটরি নেই।


শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের তরুণরা স্নাতক শেষ করে বের হচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই, চাকরি নেই। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো দরকার, যাতে তা সত্যিকার অর্থে কার্যকর হয়। দেশ, মানুষ এবং শিক্ষার্থীদের জীবনের কথা ভেবে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আমরা। এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও জীবন উৎসর্গ করেছেন। তাঁদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতেই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদার সঙ্গে মানুষের মতো জীবনযাপন করতে পারবে। তাঁরা পাবে একটি মানবিক ও সাম্যের রাষ্ট্র, যেখানে নিজেদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশই দেখতে চাই।


শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে ভূমিকা রাখাও তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।


সবশেষে প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্ম অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাঁদের হাত ধরেই বাংলাদেশ সত্যিকার অর্থে একটি বাসযোগ্য ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024