সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় শহরের মহারাজা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের সরকারি কলেজ মোড়, চৌরঙ্গী, থানামোড়, লালবাগ, এসপি অফিস, নিউটাউন, বড়পুল, মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, টেকনিক্যাল মোড় ও মালদাহপট্টিসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহারাজা মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তাজ, সুমন ডলার ও বিজয় চক্রবর্তী। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন, রাকিব ও আলমগীর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ ডলার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্না, সাবেক সহসভাপতি শাহীন শাহ মুক্তা, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য বাপ্পী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকতউল্লাহ মজিদ বাদশা, যুবদলের সাবেক সহসভাপতি আশরাফুজ্জামান খান সবুজ এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।