|
Date: 2026-11-19 19:40:54 |
পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি। পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।
সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।
© Deshchitro 2024