নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের সাগরদীঘি রোড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে গিয়ে এটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। পাশাপাশি দেশের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করার দৃঢ় ঘোষণা দেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুবদল নেতা মাসুক আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, সিন্দুরখান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের চৌধুরী মুরাদ, যুবদল নেতা শাকির আহমেদ, সৈয়দ মুর্শেদ সালেহীন নাবিল, ফখরুল ইসলাম ও জালাল আহমেদ প্রমুখ।

এ ছাড়া ছাত্রদল ও কৃষকদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, সদস্যসচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব গোলাম সারওয়ার রিমন, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আবুল সামাদ এবং পৌর কৃষকদলের সদস্যসচিব ইসলামুল হক পারভেজ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024