শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারীকুড়া গ্রামে গজারীকুড়া দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গজারীকুড়া গ্রামে আয়োজিত এ সভায় সমিতির ৭৬ জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম। এ সময় কারিতাসের প্রতিনিধি প্রাণ চিরান উপস্থিত ছিলেন। কারিতাস সীডস প্রকল্পের সহায়তায় গঠিত বিভিন্ন আত্মনির্ভরশীল দলের সমন্বয়ে গঠিত কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) হিসেবে সমিতিটি স্থানীয় নারীদের সংগঠিত করা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং নারীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। সভায় উপস্থিত অতিথিরা নারীদের সংগঠিত হয়ে আত্মনির্ভরশীলতা অর্জন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য, কারিতাস সীডস কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলার সহযোগিতায় গজারীকুড়া দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024