|
Date: 2026-11-18 11:11:39 |
জামালপুরের ইসলামপুরে কৃষকের মাঝে সার বিতরণ না করে বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা তিন রাস্তার মোড় এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
'কৃষকের অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমাছ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু সাইদ দুলাল, যুবদল নেতা আরিফ হোসেন এবং সেলিম মিয়া।
বক্তারা বলেন, গত অক্টোবর মাসের সরকারি বরাদ্দের নন ইউরিয়া ৬১০ বস্তা সার কৃষকের মাঝে বিতরণ না করে বিক্রি করেছেন সার সরবরাহ প্রতিষ্ঠান মেসার্স আতাউল কবিরের লোকজন। তাঁদের অভিযোগ, টিএসপি ১৮০ বস্তা, ডিএপি ২৬০ বস্তা, পটাশ ১৫৬ বস্তা, বিসিআইসি ডিএপি ১৪ বস্তা নন-ইউরিযা সার এবং ৪৬০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি করা হয়েছে। এতে স্থানীয় কৃষকেরা তাঁদের ফসলি জমিতে সার দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মেসার্স আতাউল কবিরের স্বত্বাধিকারী অভিযুক্ত মো. মোহতামিম নিয়াজ, আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। আমরা যথাযথভাবে কৃষকের মাঝে সার বিতরণ করেছি। মূলত অন্যায় আবদার না মানায় আমাদের বিরুদ্ধে একটি চক্র উঠে পরে লেগেছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের বলেন, সার বিক্রির বিষয়ে কেউ অভিযোগ করেননি। তবে এখন যেহেতু জানতে পারলাম। বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024