|
Date: 2026-11-18 09:56:06 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহায়তায় ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভার শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং সংগঠনের নিজস্ব সংগীতের তালে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে সমিতির বিগত এক বছরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও)-এর বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার শামীম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য উপেনচন্দ্র। এ ছাড়া ছয়টি এসআরজি দলের মোট ৮০ জন সদস্যসহ কারিতাস ঝিনাইগাতী উপজেলা শাখার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও টেকসই করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতি গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে। এ নিবন্ধন সমিতির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি নারীদের সংগঠিত করা, অধিকার প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
© Deshchitro 2024