দিনাজপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মিজানুর রহমানকে (৪০) কিশোরগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান দিনাজপুর সদর থানার তরিমপুর এলাকার ফারাজ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ইসলাম উদ্দিনের ছেলে নাজমুল অভিযুক্ত মিজানুরের অটো রাইস মিলে দৈনিক ৮০০ টাকা চুক্তিতে কাজ করতেন। কাজ করার সুবাদে নাজমুল মিজানের কাছে ৬ দিনের মোট ৪ হাজার ৮০০ টাকা পাওনা হন। এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
গত ৩১ অক্টোবর, ২০২৬ তারিখে পাওনা টাকা পরিশোধের কথা বলে মিজানুর নাজমুলকে পুলহাট রূপম মোড়ে আসতে বলেন। নাজমুল সেখানে পৌঁছামাত্রই মিজানুরসহ অন্যান্য আসামিরা তার ওপর চড়াও হন এবং দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। এ সময় ছেলেকে বাঁচাতে পিতা ইসলাম উদ্দিন এগিয়ে গেলে তাকেও মারধর করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর ইসলাম উদ্দিন মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১২) দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩ (দিনাজপুর), সিপিএসসি, এসআরবি-১ (গাজীপুর) এবং সিপিসি-২, এসআরবি-১৪ (কিশোরগঞ্জ) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।