|
Date: 2026-11-16 21:32:41 |
শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, শিক্ষার মানোন্নয়ন এবং উন্নয়নের নতুন প্রত্যাশাকে সামনে রেখে দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের এডহক কমিটির নবমনোনীত সভাপতি ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবমনোনীত সভাপতি প্রফেসর মোঃ ইকবাল হোসেনসহ কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাসের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রদর্শক মোঃ ইবাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবমনোনীত সভাপতি প্রফেসর মোঃ ইকবাল হোসেন ও এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কলেজের প্রধান অফিস সহকারি ফরহাদ হোসেন মোল্লার কোরআন তেলাওয়াত ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তন্দ্রা রানী রায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে নবমনোনীত সভাপতি প্রফেসর মোঃ ইকবাল হোসেন তাঁর প্রাণবন্ত বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাস, বাংলা বিভাগের অধ্যাপক অমল কৃষ্ণ বাওয়ালী এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান।
বক্তারা তাঁদের বক্তব্যে নবমনোনীত সভাপতি ও সদস্যবৃন্দকে অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
ফুলেল শুভেচ্ছা, আন্তরিকতা আর পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে নতুন আশাবাদ ও উদ্দীপনার সঞ্চার করে।
সবার প্রত্যাশা, নতুন নেতৃত্বের দিকনির্দেশনা এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
© Deshchitro 2024