|
Date: 2026-11-14 15:27:07 |
শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ কঠোরভাবে প্রতিরোধ করতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি আরও সুদৃঢ় করতে বিজিবি ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি), ড্রোন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম। বিজিবি সূত্র জানায়, দুর্গম ও পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের সাথে বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি এবং দ্রুত টহল পরিচালনা আরও কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা এখন আরও বেশি কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।” এদিকে সীমান্তে আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং কঠোর নিরাপত্তা জোরদারের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
© Deshchitro 2024