দিনাজপুরে ৪২ বিজিবি বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১লাখ ১৫হাজার টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।
১২ নভেম্বর দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটেলিয়নের অধিনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল বীরল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।
সীমান্তকে মাদক চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্ত থেকে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ৪২ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মুল্য এক লক্ষ পনেরো হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি এই চোরাচালানের নেপথ্যে জড়িতদের শনাক্ত ও তাদের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা আমাদের কাছে অপরাধ দমনের নতুন চ্যালেঞ্জ। অপরাধীরা যতই কৌশল পরিবর্তন করুক, তাদের তৎপরতা শনাক্ত ও প্রতিহত করতে বিজিবি সর্বদা সক্ষম। আমাদের লক্ষ্য শুধু মাদকদ্রব্য উদ্ধার করা নয়, বরং মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।”