ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।


সভায় রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সম্পত্তিসংক্রান্ত ও নৃশংস অপরাধ নিয়ন্ত্রণে প্রো-অ্যাকটিভ পুলিশিং কার্যক্রম জোরদার, মাদকের বিস্তার রোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি।


এ সময় নাশকতা, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে সমাধান এবং তাঁদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।


সভায় অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ছয়জন কর্মকর্তাকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়।


পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে ময়মনসিংহ। এ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ।


এ ছাড়া শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার মো. নাজমুল জান্নাত শাহ্, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন জামালপুরের মেলান্দহ থানার এএসআই (নিরস্ত্র) রুবেল মিয়া।


বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আরও তিন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল ও একটি ট্রাক উদ্ধার এবং গ্রেপ্তার হওয়া আট আসামির মধ্যে চারজনের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ত্রিশাল থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।


অন্যদিকে, বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেপ্তার এবং ৪৮ কেজি গাঁজা উদ্ধারের স্বীকৃতি হিসেবে গৌরীপুর থানার এসআই (নিরস্ত্র) মোস্তাফিজুর রহমানকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ১২টি জিআর/সিআর পরোয়ানা, সাতটি সিআর সাজা-সংক্রান্ত পরোয়ানা এবং ২৬টি রিকল/ওডি পরোয়ানাসহ মোট ৪৫টি পরোয়ানা নিষ্পত্তি করায় জামালপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মো. সিরাজুল হক বিশেষ পুরস্কার লাভ করেন।


সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ডিআইজির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম উপস্থিত ছিলেন।


এ ছাড়া অনলাইনে রেঞ্জাধীন বিভিন্ন জেলার ক্রাইম শাখার কর্মকর্তা ও সার্কেল কর্মকর্তারা সভায় অংশ নেন। রেঞ্জ ডিআইজির কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরাও সভায় উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024