|
Date: 2026-11-13 16:48:27 |
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, কুলিয়ারচর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সিনিয়র প্রভাষক ইসমাইল আহমেদ পানু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইসমাইল আহমেদ পানু কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম শামসুদ্দিন আহমেদ- এর পুত্র। তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি জলিল আহমেদ শিল্পী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি সাকিল আহমেদ কাজলের ছোট ভাই।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে কুলিয়ারচর উপজেলাজুড়ে শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ হোস্টেল থেকে মেয়েকে দেখে নবাবগঞ্জ নিজ বাসায় ফেরার পথে পাড়াগঞ্জ নামক স্থানে পৌঁছালে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং পরবর্তীতে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৩ টার দিকে স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লক্ষ্মীপুর বাজার সংলগ্ন আবির শেখ পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন ও সমাহিত করা হয়।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুলিয়ারচর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024