মোঃ মাহমুদুল হাসান : বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামের জীর্ণ কুটিরের অন্ধকার কোণে তাকালে প্রায়শই একটি চেনা কিন্তু ভীষণ নির্মম দৃশ্য চোখে পড়ে। একটি শিশু বা কিশোর, যার হয়তো পৃথিবীর আলো-বাতাসে ছুটে বেড়ানোর কথা ছিল, সে পড়ে আছে ঘরের এক কোণে, শিকলবন্দি কিংবা অবহেলার এক অতল গহ্বরে। সমাজ তাকে সুস্থ স্বাভাবিক মানুষের কাতার থেকে বাদ দিয়েছে অনেক আগেই, আর পরিবার তাকে মেনে নিয়েছে এক আজীবন ‘পাপের ফসল’ বা ‘অর্থনৈতিক বোঝা’ হিসেবে। শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নিয়ে জন্ম নেওয়া এই মানুষগুলোর জীবন আমাদের চটকদার উন্নয়ন আর আধুনিকতার আড়ালে এক দীর্ঘশ্বাসের নাম।
অথচ একটি সভ্য সমাজের প্রকৃত মানদণ্ড নির্ধারিত হয় সেই সমাজ তার সবচেয়ে দুর্বল ও প্রান্তিক মানুষটিকে কীভাবে আগলে রাখছে, তার ওপর। বাংলাদেশে প্রতিবন্ধী অবহেলার শিকড়টি মূলত জড়িয়ে আছে চরম সামাজিক কুসংস্কার এবং অর্থনৈতিক অনটনের সঙ্গে। গ্রামীণ সমাজে এখনো অটিজম, ডাউন সিন্ড্রোম কিংবা যেকোনো শারীরিক প্রতিবন্ধিতাকে ‘পূর্বজন্মের পাপ’, ‘মায়ের দোষ’ কিংবা ‘পরিবারের ওপর অভিশাপ’ হিসেবে দেখার অন্ধ বিশ্বাস টিকে আছে। বৈজ্ঞানিক বা চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত সচেতনতার অভাবে এই মানুষগুলোকে শুরুতেই পরিবারে একপ্রকার মনস্তাত্ত্বিক বর্জনের শিকার হতে হয়। এর ওপর যোগ হয় প্রান্তিক এলাকার চিরচেনা দারিদ্র্য। যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে একজন বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যের নিয়মিত থেরাপি, বিশেষায়িত পুষ্টি বা ওষুধের খরচ চালানোকে পাহাড়সম বোঝা মনে হওয়াই স্বাভাবিক।
ফলে, চিকিৎসার অভাব তো বটেই, অনেক সময় ন্যূনতম পুষ্টিকর খাবার থেকেও এদের বঞ্চিত করা হয়। পারিবারিক এই নিগ্রহের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বৈষম্য এদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখনো পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠেনি। মফস্বল বা চরাঞ্চলের সাধারণ স্কুলগুলোতে প্রতিবন্ধী শিশুদের জন্য কোনো র্যাম্প নেই, নেই বিশেষ টয়লেটের ব্যবস্থা। সবচেয়ে বড় অভাব সংবেদনশীল শিক্ষকের, যিনি এই শিশুদের মনস্তত্ত্ব বুঝে পরম যত্নে শিক্ষা দিতে পারেন। ফলস্বরূপ, এই শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো থেকে শুরুতেই ছিটকে পড়ে। চিকিৎসাসেবার দিক থেকেও বৈষম্য আকাশচুম্বী। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের ,রংপুর বা রাজশাহী বিভাগের জেলা শহরগুলোতেও উন্নতমানের থেরাপি সেন্টার, স্পিচ থেরাপিস্ট বা শিশু মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফলে গ্রামীণ প্রান্তিক মানুষগুলোর পক্ষে এই ব্যয়বহুল ও দূরবর্তী চিকিৎসা নেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়।
কাগজে-কলমে আমাদের দেশে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ এর মতো চমৎকার সব আইন রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঠ পর্যায়ে এই আইনের কার্যকারিতা ও সচেতনতা খুবই সীমিত। রাষ্ট্র যে প্রতিবন্ধী ভাতা প্রদান করে, বর্তমান বাজারমূল্যের বাজারে তা একজন মানুষের ন্যূনতম ওষুধ বা জীবনধারণের খরচের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তদুপরি, এই যৎসামান্য ভাতা পাওয়ার জন্য প্রতিবন্ধী কার্ড তৈরি করতে গিয়েও অনেক সময় নানামুখী প্রাতিষ্ঠানিক জটিলতা ও দুর্নীতির মুখোমুখি হতে হয় ভুক্তভোগী পরিবারগুলোকে।
এই অন্ধকার বৃত্ত থেকে বেরিয়ে আসার পথ কিন্তু আমাদের চেনা। প্রথমত, আমাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন প্রয়োজন। গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয় এবং স্থানীয় উঠান বৈঠকের মাধ্যমে সমাজকে বোঝাতে হবে যে—প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়, এটি কেবল একটি বিশেষ শারীরিক বা মানসিক অবস্থা। দ্বিতীয়ত, রাষ্ট্রকে এদের পুনর্বাসনের পূর্ণ দায়িত্ব নিতে হবে। উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে থেরাপিউটিক ও কাউন্সেলিং সেবা চালু করা জরুরি। এদের শুধু দয়া বা ভাতার ওপর নির্ভরশীল না রেখে, হস্তশিল্প, কম্পিউটার ফ্রিল্যান্সিং বা ক্ষুদ্র কুটির শিল্পের মতো কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে হবে। বেসরকারি ও করপোরেট সেক্টরে এদের জন্য নির্দিষ্ট কোটা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি।
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের করুণার পাত্র নন, তারা আমাদেরই ভাই, বোন কিংবা সন্তান। সঠিক সুযোগ, একটু সহানুভূতি এবং রাষ্ট্রীয় ও সামাজিক পৃষ্ঠপোষকতা পেলে তারাও যে সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন, তার অসংখ্য নজির পৃথিবীতে রয়েছে। প্যারা অলিম্পিক থেকে শুরু করে করপোরেট অফিস—সবখানেই আজ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। আমাদের মনে রাখতে হবে, কাউকে পেছনে ফেলে, ঘরের কোণে শিকল দিয়ে বেঁধে রেখে একটি দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। আসুন, অবহেলার দেয়াল ভেঙে আমরা এমন এক অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি মানুষ তার শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা ছাপিয়ে একজন মর্যাদাবান নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারে।