জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় জনপদ মোংলায় সৃষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও তা মোকাবিলায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসে ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. নূর আলম শেখ।
‎
‎সভায় বক্তব্য দেন লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, ফোরামের নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, জানে আলম বাবু, এম এ কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, মাসুদা বেগম এবং লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতেমা জান্নাত।
‎
‎সভায় মোংলা উপজেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক সমস্যা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদে সৃষ্ট ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন বক্তারা।
‎
‎বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবিকা ও পরিবেশ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
‎
‎সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে করণীয় নির্ধারণ, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপকূলীয় মানুষের সমস্যাগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আগামী তিন মাসের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।
‎

‎সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মোংলার জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024