জনসাধারণের অভাব-অভিযোগ, সমস্যা ও দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিক প্রতিকার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শেরপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের কথা শোনেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। গণশুনানিতে ১৬০ জনেরও বেশি সেবাগ্রহীতা তাঁদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ এবং দুর্ভোগের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাঁদের মধ্যে ১২৩ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া দুজন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়। পাশাপাশি মাতৃহারা চার মাস বয়সী এক শিশুর জন্য ল্যাক্টোজেন গুঁড়া দুধের ব্যবস্থা করা হয়। শিশুটির জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। গণশুনানিতে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগের ধরন এবং সেবাগ্রহীতাদের প্রয়োজন বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রতিকারের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ জেলা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, উপপরিচালক (সমাজসেবা)-এর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, শেরপুর সদর থানা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে সমস্যাগুলো পাঠানো হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা এবং মানবিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024