নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘট আহ্বান এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।

 মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দীনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে সাইকেল শোডাউন করেন এবং একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন।

 কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন ও রুবেল আহমেদ, উপজেলা যুবদল নেতা মাসুদ আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির এবং যুবদল নেতা শাকির আহমেদ, জালাল আহমেদ ও হেলাল উদ্দিন কালা।

সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024