|
Date: 2026-11-10 18:32:52 |
রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা
রাজবাড়ীর পাংশায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলা ও কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব দণ্ড প্রদান করা হয়।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আয়ুব আলী (৫২), ওবাইদুল শেখ (২৫) ও মনিরুল ইসলামকে (৪৫) আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল হকের মোবাইল কোর্টে আয়ুব আলী ও ওবাইদুল শেখকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপর আসামি মনিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে তামজিদ (৪৫) নামে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই ঘটনায় মো. আলামিন মোল্লা, মো. আসাদুজ্জামান (৪৩) ও মো. সুমন মোল্লাকে (২৫) সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© Deshchitro 2024