|
Date: 2026-11-09 21:45:10 |
শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী, যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি মহড়া হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে ৯ নভেম্বর সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় ছনকান্দা ডা. মো. তোজ্জাম্মল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনহিতকর এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশন, শেরপুর রেডক্রিসেন্ট যুব ইউনিটি এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে। অনুষ্ঠানে ঘরে-বাইরে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, অঘটন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের দুর্যোগ, দুর্বিপাকে বিপৎসংকুল অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জীবনবাজি রেখে জীবন ও সম্পদ রক্ষার বিষয়ে সচেতনতামুলক নানা বার্তা প্রদান করা হয়। সেইসাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জরুরি টোল ফ্রি হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পরে এলপিজি গ্যাস সিলিন্ডারসহ নানা অগ্নিকাণ্ডের দুর্যোগ প্রস্তুতি মহড়ায় আগুন নেভানোর সহজ কৌশল প্রদর্শন করা হয়। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশনের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ, শেরপুর রেডক্রিসেন্ট যুব ইউনিটের ডেপুটি লিডার প্লাবন, ট্রেনিং লিডার মনিরা, প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
© Deshchitro 2024