মোঃফরমান ইল্লাহ,বিশেষ প্রতিনিধি



কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদসসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাঁদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সবিজ মিয়া (৩৬) ও মোহাম্মদ হাতেম আলী (৫৬)। সবিজ মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী গ্রামের মৃত মিরা গাজীর ছেলে। হাতেম আলী পূর্ব গোবরিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। গ্রেফতারের পর তাঁদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর মাধবদী গ্রামে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সবিজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে রেনু মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে হাতকড়া পরানো অবস্থায় তাঁকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধা ও ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পালিয়ে যান। পরে ওই রাতেই তাঁকে পুনরায় গ্রেফতার করা হয়।


এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ঘটনার সময় এসআই শরাফিন মিয়াসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনার পর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে শোকজ করে পুলিশ লাইনে সংযুক্ত করে উর্ধতন কতৃপক্ষ।


অন্যদিকে, গত ১১ অক্টোবর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকার শান্তি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় হাতেম আলীকে গ্রেফতার করা হয়েছে।


মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ১৩ অক্টোবর রাতে কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। এ মামলায় আসামির সংখ্যা ৪০ থেকে ৪৫ জন।


মামলায় এর আগে ছয়সূতি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার হাতেম আলী গ্রেফতার হয়। মামলাটিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, পৃথক দুটি মামলার তদন্তের অংশ হিসেবে সবিজ মিয়া ও হাতেম আলীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024