|
Date: 2026-11-08 18:07:41 |
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিন্দ্রা লরির চালক পালিয়ে গেছেন। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব যানবাহন জব্দ ও চালকদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার গান্ধিগাঁও এলাকার ফরমান (৪৩), শেখ ফরিদ (২৪), মামুন মিয়া (৪০), ময়নাল (৪৫), রহমত আলী (৩৩) এবং বাকাকুড়া গ্রামের ইনছার আলী (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন যানবাহনে পরিবহন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ধানশাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুভর্তি ছয়টি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়। তবে মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আটক ছয়জন এবং পলাতক মাহিন্দ্রা চালক শান্ত মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024