|
Date: 2026-11-08 14:20:37 |
কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও তথ্য সংগ্রহকারীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল্যাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ও কুশুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার মো. মেয়ারাজ হোসেনসহ ১২ জন তথ্য সংগ্রহকারী।
সভায় জানানো হয়, আগামী ৯ নভেম্বর থেকে কৃষ্ণনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। ইউনিয়নের শতভাগ পরিবারের তথ্য সংগ্রহের আওতায় আনার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য পরিবারকেও এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল্লাহ বাহার তথ্য সংগ্রহকারীদের সততা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে আল মাহমুদ ছোট্ট বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্ব করা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনাম ও সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ডের সুবিধা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
© Deshchitro 2024