রংপুরের পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মাছচাষি মেহেদী হাসান। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তারা হলেন একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আশরাফ আলী, সোহরাব আলী, আফতাব উদ্দিন ও মাহতাব উদ্দিন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নটাবাড়ী গ্রামের বাসিন্দা মেহেদী হাসান তাঁর বাড়ির দক্ষিণ পাশে ৪২ শতক জমির একটি পুকুরে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মাছ চাষ করে আসছিলেন। জমি ও পুকুরের মালিকানা নিয়ে বর্ণিত কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। 

অভিযোগে বলা হয়, গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে পুকুরের পাশে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হুমকি দেন। একই দিন বিকেল ৩টার দিকে পুকুরের মাছকে খাবার দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান, সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। 

মেহেদী হাসানের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মারা গেছে। এতে তাঁর আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে মেহেদী হাসান বলেন, পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলাম। কিন্তু মাছগুলো মেরে ফেলায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এছাড়াও স্থানীয় এনামুল হক, রাব্বি মিয়া, আব্দুল আউয়ালসহ অনেকে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 

অভিযুক্তদের মোবাইলে একাধিকবার ফোন করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পীরগাছা থানা ওসি জহুরুল হক বলেন, তদন্ত  সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024