|
Date: 2026-11-07 01:42:01 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের পীর শাহসুফি সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী (ম.জি.আ.) এর দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তার ইন্তেকালে লোহাগাড়াসহ বিভিন্ন এলাকার মুরিদ, ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শুক্রবার (৬ নভেম্বর) বাদে আছর দক্ষিণ শুকছড়ী দরবার শরীফে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মুরিদ, ভক্ত, অনুসারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রিয় পীর সাহেবের শেষ বিদায়ে জানাজায় অংশ নেন তারা। জানাজা শেষে তাকে পারিবারিক ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে আছর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি সহ বিভিন্ন এলাকায় শোকের আবহ তৈরি হয়। প্রিয় মানুষটির বিদায়ে ব্যথিত হয়ে পড়েন তার অসংখ্য ভক্ত ও অনুসারী।
লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ী গ্রামের এক আধ্যাত্মিক ও আউলিয়া পরিবারে জন্মগ্রহণ করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ নেছারুল হক চিশতী। দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সঙ্গে তার দীর্ঘদিনের আধ্যাত্মিক পথচলা এবং অসংখ্য মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক তাকে ভক্ত-অনুসারীদের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছিল।
তার ইন্তেকাল শুধু একটি পরিবারের জন্য নয়, বরং অসংখ্য মুরিদ, ভক্ত ও শুভানুধ্যায়ীর জন্য এক গভীর বেদনার। দুই দফা জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক টানেরই বহিঃপ্রকাশ।
© Deshchitro 2024