সরাসরি জনগনের সমর্থন ও দলীয় নেতাকর্মীদের মতামত যাচাই এবং প্রার্থীদের জনগনের কাছে গ্ৰহনযোগ্যতা যাচাই পূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা নির্ধারণে দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২অক্টোবর) বিকেলে ইউনিয়নের রানীগঞ্জ কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আবু বক্কর সিদ্দিক।
এ সময় গুরুত্বপূর্ণ দলের দিক নির্দেশনা অনুযায়ী বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। এছাড়াও জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন বিএনপির অর্থ ও ত্রাণবিষয়ক সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন। বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও দলীয় নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কাজ করে যেতে চান।
অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: মমিনুল ইসলাম নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, অতীতেও নেতাকর্মীদের পাশে ছিলাম ভবিষ্যতেও সুখে-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। দলীয় নির্দেশনা মেনেই তিনি রাজনীতি করবেন বলেও উল্লেখ করেন।
মতবিনিময় সভা শুরুর আগে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুল ইসলাম ও সাজ্জাদ আলী নিজ নিজ সমর্থকদের নিয়ে বড় বহরসহ সভাস্থলে উপস্থিত হন মাঠজুড়েছিল নেতাকর্মী ও সমর্থকদের উল্লাস ও আনন্দ।
সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের নিজেদের সমর্থন ব্যক্ত করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।