শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকার বনাঞ্চলের ভেতর থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১৫০ সিএফটি পাথর জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ খান এসব পাথর জব্দ করেন। জানা গেছে, গারো পাহাড়ের বনাঞ্চলের ভেতর থেকে কিছু অসাধু বালু-পাথর ব্যবসায়ী মাটি খুঁড়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে ভ্যানগাড়ির মাধ্যমে পাচার করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাথরগুলো আটক করেন গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান। পরে জব্দ করা প্রায় ১৫০ সিএফটি পাথর গজনী বিট অফিসে নিয়ে আসা হয়। এ বিষয়ে গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান জানান, বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের ঘটনায় পাথরগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় পরিবেশ ও বনসম্পদ রক্ষায় বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার বন্ধে বন বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024