শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিন জব্দ করা হয়। পাশাপাশি পাইপ ভাঙচুর এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাচা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মহারশি নদীর ফাকরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানা-পুলিশ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মহারশি নদীর বালুমহাল ইজারা দেওয়া বন্ধ রেখেছে সরকার। তা সত্ত্বেও উপজেলার শালচূড়া, ফাকরাবাদ ও পাহাড়ি বিভিন্ন ঝর্না ও ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।


অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিন জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং একটি মাচাসহ সংশ্লিষ্ট সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হয়।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে মহারশি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024