সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।   

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও মহিউদ্দিন জারু পুনরায় দলীয় কার্যক্রমে অনুপস্থিত থাকেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় হাইকমান্ড এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।   

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন  ইতোমধ্যে এই বহিষ্কারাদেশের অনুমোদন ও কার্যকরীকরণ সম্পন্ন করেছেন।   

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কঠোর বার্তা দিয়ে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সকল ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।   


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024