নীলফামারীর ডোমারে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণকৃত আবাদি ডাঙ্গা জমির বাজারমূল্যে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত।

মঙ্গলবার (২৭শে অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা শাহারুদ্দিনপাড়ার ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনকারীরা জানান, ঢাকা এন্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণের জন্য ফসলি জমি অধিগ্রহণ করা হয়। তবে জেলা প্রশাসন থেকে প্রতি শতাংশ জমির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। যা বাজারমূল্যের তুলনায় অনেক কম। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

তাদের দাবি, পাশের এলাকায় সম্প্রতি প্রতি শতাংশ জমি দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। কিন্তু সরকারি মূল্যায়নে প্রকৃত দর প্রতিফলিত হয়নি। বাজারমূল্য অনুযায়ী প্রতি শতাংশ জমির ক্ষতিপূরণ কমপক্ষে আড়াই লাখ টাকা নির্ধারণের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024