|
Date: 2026-10-27 19:04:00 |
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৭শে অক্টোবর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডোমার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ'র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন (৫০), ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তারিক আকরাম তপন (৫৫) ও ইউনিয়ন যুবলীগ কর্মী আনোয়ার হোসেন উজ্জ্বল (৪২)।
থানা সুত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার চিলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে ডোমার থানার মামলা নং-২০/২০২৪ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের অক্টোবরে একটি মামলা দায়ের করা হয়েছিল। এতে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য সহ একাধিক চেয়ারম্যানকেও গ্রেপ্তার করা হয়।
© Deshchitro 2024