|
Date: 2026-10-27 15:21:30 |
সিবিওর প্রাতিষ্ঠানিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জামালপুরে শিখন সহভাগিতা ও অভিজ্ঞতা বিনিময় সফর করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিবিও নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এ সফরের আয়োজন করা হয়। সফরে জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন করা হয়। সফরের মূল উদ্দেশ্য ছিল সিবিও নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোগ সম্পর্কে ধারণা অর্জন এবং অর্জিত জ্ঞান নিজ নিজ সংগঠনের কার্যক্রমে প্রয়োগের মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা। পাশাপাশি টেকসই কৃষি কার্যক্রম সম্প্রসারণ ও স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোর দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস-এসএফ কর্মসূচি, নালিতাবাড়ী উপজেলা এ সফরের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।
© Deshchitro 2024