|
Date: 2026-10-27 02:43:32 |
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধার করে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অভয়ারণ্য বন বিভাগ। দীর্ঘদিন বেদখলে থাকা বনভূমি পুনরুদ্ধার ও সবুজ বনায়নের মাধ্যমে বনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বনভূমি উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনতি অভয়ারণ্য রেঞ্জ অফিসের পশ্চিম পাশে বাবুইয়্যার ঘোনা এলাকায় প্রায় ৪০ বছর পর বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সেই জমিতে নতুন করে গাছের চারা রোপণের মধ্য দিয়ে বনায়ন কার্যক্রম শুরু করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উদ্ধার করা বনভূমিতে গাছের চারা রোপণ করেন রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার। এ সময় হারবাং বিট কর্মকর্তা কবির হোসেনসহ চুনতি বন বিভাগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন বেদখলে থাকা বনভূমি পুনরুদ্ধার করে সেখানে বৃক্ষরোপণকে বনের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, উদ্ধার করা বনভূমিতে পরিকল্পিত বনায়ন অব্যাহত থাকলে সবুজের আচ্ছাদন বাড়ার পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
© Deshchitro 2024