|
Date: 2026-10-23 18:47:54 |
গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মোঃ নুর আমিন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাত্তার মেম্বারপাড়া এলাকায় ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ নুর আমিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বারপাড়া গ্রামের রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে নুর আমিন চার সহপাঠীর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠী ও ফুফাতো ভাই সাব্বির (৭) তাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। তবে শিশুটিকে উদ্ধার করতে না পেরে সে নদীর পাড়ে উঠে আসে এবং নুর আমিন ডুবে গেছে বলে চিৎকার করে স্থানীয় লোকজনকে জানায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চলছিল। তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
© Deshchitro 2024