রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী দল ও কাটাখালী থানা পুলিশ। এসব ঘটনায় মো. আবুল কালাম আজাদ (৪৮) ও মো. মানিক ইসলাম (৪৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) আরএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আরএমপির বিশেষ মাদকবিরোধী দল ও কাটাখালী থানা পুলিশের সহযোগিতায় কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এর নেতৃত্বে এমদাদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।


এরপর একই তারিখে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে কাটাখালী থানা পুলিশের একটি দল এমদাদপুর গ্রামে মো. মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।


পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও আটটি মাদক মামলা থাকার তথ্যও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আরএমপি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024