|
Date: 2026-10-20 16:15:10 |
রংপুরের পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের গ্রুপ পর্বের দশম খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগা হাইস্কুল মাঠে দিগন্ত স্পোর্টস ও ফ্রেন্ডস নেটওয়ার্ক কিংয়ের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতদরগা যুবসমাজ এ লীগের আয়োজন করেছে। আয়োজকদের স্লোগান—‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল।’
খেলায় প্রধান অতিথি ছিলেন ওয়ান স্টার এনজিওর প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম রাজীব। সাতদরগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী রোকন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন অন্নদানগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী আফসানা আক্তার, ইউনিয়ন সমাজকর্মী নুরুজ্জামান মিয়া, সহকারী শিক্ষক জিল্লুর রহমান, আরিফুল হক অলি, রুবেল হোসেন ও নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম রাজীব বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করা সম্ভব। স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের লেখাপড়ার প্রতিও মনোযোগী হতে হবে।
আয়োজকরা জানান, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকায় ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ লীগের মূল উদ্দেশ্য।
© Deshchitro 2024