সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সাইফুর রহমান দুলাল।

​পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও উৎসবের শুভেচ্ছা জানান।

​এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুর রহমান দুলাল বলেন, "বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও সম্মানজনকভাবে পালন করার পূর্ণ অধিকার রয়েছে। কোনো ধরনের অশুভ শক্তি যেন এই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য গণসংহতি আন্দোলন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং পাহারা দেবে।" এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

​পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কৃষক মজুর সংহতির আহ্বায়ক মো. মাসুদুর রহমান বিপ্লব, উপজেলা গণসংহতি আন্দোলনের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমজীবী হকার ও সমবায় সমিতির আহ্বায়ক মো. সামিউল হক, মো. আমিনুর ইসলাম, মো. এনতালসহ গণসংহতি আন্দোলন ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

​পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ প্রতিনিধিদলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024