আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তামিম উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামের মিঠন ও তারজিনা দম্পতির ছেলে। তামিম বিরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানাযায়, তামিম গতকাল রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বিলমাড়িয়া গ্রামে তার খালু রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে খালাতো ভাই সিয়ামের সঙ্গে বিলমাড়িয়া বাজার সংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় তামিম। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে লালপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে দুপুর ১টার দিকে নদী থেকে তামিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা দ্রুত ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তামিমকে মৃত ঘোষণা করেন। এদিকে খালুর বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিমের এমন অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024