নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা, এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্যা বুলু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চৌমুহনীর মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা ও ইকো-সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহফুজুল হক আবেদ এবং বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামানসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আন্তঃক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা তুলে ধরতে আয়োজন করা হয় অভিভাবক সমাবেশের। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষকদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024