|
Date: 2026-10-15 12:35:51 |
জয়পুরহাটের কালাই উপজেলার শামছুল ইসলাম (৩০) অভাবে পড়ে নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন। কিন্তু সেই কিডনি বিক্রির টাকা দিয়েও অভাব ঘোচেনি তার। এরই মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত শামছুল ইসলাম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হন শামছুল ইসলাম । পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার কিডনি বিক্রির বিষয়টি সামনে আসে। প্রায় এক মাস আগে ইরানে যান তিনি। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন।
শামছুল ইসলাম জানান, চট্টগ্রামে কাজ করার সুবাদে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমে কিডনি ক্রেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় হয়। পরে পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাকে ইরানে গিয়ে কিডনি দেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ট্রান্সফরমার চুরির মামলায় শামছুলকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি একটি কিডনি বিক্রি করেছেন বলে জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ। এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
© Deshchitro 2024