জামালপুর জেলায় দেওয়ানগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে মোছা. তারাভানু (৫৫) নামের এক নারী ও তাঁর ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা কেবল মা-ছেলেকে পিটিয়ে জখমই করেনি, বরং ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং তাঁর ছেলের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

গত ৬ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে দেওয়ানগঞ্জ থানাধীন  ডাংধরা ইউনিয়নে নিমাইমারী গ্রামে দুসু মিয়ার বসতবাড়ির উত্তর পাশের পাকা রাস্তায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সিদ্দিক (২৮), মো. আসমত আলী (৫০), মো. মেহের আলী (৫৫), মো. ইসমাঈল (৪৫), মো. ছহবর আলী (৫০), মো. সুরমান আলী (৩০), মো. ফজর আলী (২৮), মো. বিল্লাল (২৮) ও মো. আইনুদ্দীন (৫০)-সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ইজিবাইকচালক ছেলে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র যেমন—রড, লাঠি, সাবল ও পাইপ নিয়ে ওত পেতে থেকে তাঁদের পথরোধ করে। একপর্যায়ে মো. মেহের আলীর হুকুমে মো. বিল্লাল ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে বাদীর বাঁ হাতের কবজির ওপরের অংশ কেটে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় অন্য অভিযুক্তরা তাঁদের দুজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরে গুরুতর ফোলা ও নীলাফুলা জখম করে। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী নারীর মাথার চুল ও পরনের কাপড় টেনে ছিঁড়ে তাঁকে বিবস্ত্র করার মাধ্যমে শ্লীলতাহানি ঘটায়। এরপর হামলাকারীরা ভুক্তভোগীর ছেলে আলামিনের ইজিবাইকটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

​এদিকে, আলামিনের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিয়ে মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় সাবেক ইউপি সদস্য আ: জলিল জানান, আসামিরা বিগত ৫/৬ মাস আগেও আলামিনের ইজিবাইকটি রাস্তা থেকে ছিনিয়ে নিয়েছিল। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিসি বৈঠকের মাধ্যমে তা ফিরিয়ে পেতে তাঁরা সহায়তা করেছিলেন। তবে নতুন করে আবারও এ ঘটনার পুনরাবৃত্তি এবং থানায় অভিযোগ দায়েরের বিষয়ে তিনি অবগত নন বলে জানান। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরও এক প্রত্যক্ষদর্শী জানান, আলামিনের ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার জন্য অভিযুক্তরা প্রকাশ্যে পরিকল্পনা করছিল এবং সে সময় তিনি নিজ কানে তাদের সেই আলাপচারিতা শুনেছেন। তাঁর দাবি, পরিকল্পনা অনুযায়ী ওই আসামিরাই আলামিনের ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে গেছে।

​ঘটনার সময় ভুক্তভোগীদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করান। সেখানে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে ভুক্তভোগী পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবার এই হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনগত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024