বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের মাদকবিরোধী অভিযানে হেরোইন, গাঁজা-চোলাই মদসহ আটক পাঁচ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার নতুন বাজার এলাকার হজরত আলীর ছেলে শাকিল হাসান (২২), শাওইল বাজারের আব্দুল জলিলের ছেলে রাকিব হাসান (৩০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম রাণীনগর গ্রামের আজিজার রহমানের ছেলে সেলিম উদ্দীন (৩৮) একই উপজেলার ঘোলাগাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কুদ্দুস আলী রিপন (২০) ও নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে জুয়েল হোসেন (৩৮)। 



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ১গ্রাম হেরোইন, ২০০গ্রাম গাঁজা ও ৪লিটার চোলাই মদ-সহ আটক করে।


একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম আটক পাঁচ জনের মধ্যে শাকিল হাসানকে চার মাস, রাকিব হাসান, সেলিম উদ্দীন, কুদ্দুস আলী রিপন ও জুয়েল হোসেনকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024