রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন




‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সালমা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, “নারীকে পিছিয়ে রেখে পুরুষ এগিয়ে যেতে পারবে না। নারীকে ছাড়া সমাজকে উন্নত ও সুন্দর করা সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী হতে হবে এবং নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, শিক্ষা ও বিকাশ নিশ্চিত করা জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। উপযুক্ত শিক্ষা, নিরাপত্তা ও সহায়তা পেলে কন্যাশিশুরাও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কন্যাশিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়। শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024